চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক অন্যরকম ভালোবাসার গল্প। চীনের শানডং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিহুয়া জাং ইসলাম ধর্ম গ্রহণ করে চবির এক ছাত্রীকে বিয়ে করেছেন। বিয়ের পর তার নতুন নাম রাখা হয়েছে আল আমিন।
নবদম্পতি হলেন চবির সমুদ্রবিজ্ঞান বিভাগের অতিথি শিক্ষক জিহুয়া জাং এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার। গত শনিবার সন্ধ্যায় সুমাইয়া আক্তার নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানানোর কিছুক্ষণ পরই অধ্যাপক জিহুয়া জাংও তাদের একটি যৌথ ছবি প্রকাশ করেন।
জানা যায়, গত ১৪ জুলাই মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের আগেই অধ্যাপক জিহুয়া জাং ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুমাইয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা হল সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস)। তিনি ক্যাম্পাসে নিজ হাতে তৈরি ঘরোয়া নাস্তা ও পিঠা বিক্রির মাধ্যমে পরিচিতি লাভ করেন।
সুমাইয়া জানান, চীনা ভাষার কোর্সের সুবাদে তার সঙ্গে জিহুয়া জাংয়ের পরিচয় হয়। অধ্যাপক জাং চবিতে অতিথি শিক্ষক হিসেবে দুইবার এসেছিলেন।
চবির সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন নিশ্চিত করেছেন যে, জিহুয়া জাং তাদের বিভাগের একটি প্রকল্পের অধীনে অ্যাডজাঙ্কট অধ্যাপক হিসেবে ডেটা মডেলিং ও এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করতেন। গত দুই বছরে সামার ভ্যাকেশনে তিনি এক মাস করে দুইবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন।
রিপোর্টারের নাম 

























