নাটোরের গুরুদাসপুর উপজেলায় অনুমোদনহীন একটি মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে নাজিরপুর বাজারের গোডাউন মোড় এলাকায় এই দুর্ঘটনায় পেট্রোল পাম্পটিসহ পার্শ্ববর্তী তিনটি দোকান এবং দুটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে গুরুদাসপুর ও নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পাম্পের তেলের ট্যাংকি মেরামতের সময় আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা এই পাম্প থেকে আগুনের লেলিহান শিখা দ্রুত আশপাশের দোকান ও বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রাথমিক হিসাবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, জনবহুল এলাকায় অগ্নি-নিরাপত্তার তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে এই ব্যবসা চালানো হচ্ছিল। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পাম্পটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না, তবে ট্রেড লাইসেন্স নিয়ে মালিক নুরুল ইসলাম তার কার্যক্রম চালিয়ে আসছিলেন। অগ্নিকাণ্ডের পর থেকে মালিক ও তার পরিবারের সদস্যদের আর খুঁজে পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
























