বান্দরবানের লামা উপজেলায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের বদুরঝিরি টার্নিং পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. এনাম। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুরঝীরি পাড়ার বাসিন্দা সাহাব উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন একই পাড়ার বাসিন্দা মো. শাহজাহান ও বেলাল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে এনামসহ তিনজন ব্যক্তিগত কাজে নিজেদের বাড়ি থেকে মোটরসাইকেলে করে লামা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি বদুরঝিরি টার্নিং পয়েন্টে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিন যুবকই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে কাছাকাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. এনামকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসার পর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন আছেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ জানান, এই দুর্ঘটনার বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় নিহত এনামের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
রিপোর্টারের নাম 
























