বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক উপদেষ্টা যেহেতু বিদেশি নাগরিক, তাই দেশে কোনো বড় গোলযোগ লাগলে তাঁদের দেশ ছেড়ে চলে যাওয়ার সুযোগ আছে। তিনি বলেন, “প্রত্যেক উপদেষ্টা তো বিদেশি নাগরিক। যদি দেশে গণ্ডগোল লাগে, তাঁরা চলে যেতে পারবেন। কিন্তু আপনি পারবেন না, আমিও পারব না। আমাদের তো কোনো দেশে ভিসা লাগানো নেই।”
গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
রুমিন ফারহানা আরও বলেন, “’সেফ এক্সিটের’ প্রয়োজন হতে পারে এমন কোনো কাজ করবেন না। এমন কোনো অপকর্মে জড়াবেন না, এমন কোনো দুর্নীতি করবেন না, এমন কোনো ওয়াদা দেবেন না, যার কারণে আপনাকে একদিন সেফ এক্সিট নিতে হয়।”
তিনি সরকারকে অনুরোধ জানিয়ে বলেন, “কাজ করুন স্বচ্ছতা, সততা ও দেশপ্রেম বজায় রেখে, যাতে এমন পরিস্থিতির মুখে পড়তে না হয়।”
তিনি জানান, “ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে—এটা ধরে নিয়েই আমরা প্রস্তুতি নিচ্ছি, ইনশাআল্লাহ। অনেকে মনে করেন, আওয়ামী লীগ নেই, তাই নির্বাচন সহজ হবে। কিন্তু এতটা সহজ হবে না। এখন থেকেই আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে।”
সভা শেষে উপস্থিত জনগণের জন্য প্রজেক্টরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকার প্রদর্শন করা হয়।
রিপোর্টারের নাম 






















