ইংল্যান্ড ও ওয়েলসে নবজাতক ছেলেশিশুদের নাম রাখার ক্ষেত্রে টানা তৃতীয়বারের মতো শীর্ষস্থান অধিকার করেছে ‘মুহাম্মদ’। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) প্রকাশিত ২০২৫ সালের সর্বশেষ জন্মনিবন্ধন তথ্যে এই চিত্র উঠে এসেছে। পরিসংখ্যানে দেখা গেছে, গত এক বছরে মোট ৫ হাজার ৯৫৭ জন নবজাতকের নাম রাখা হয়েছে ‘মুহাম্মদ’।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘নোয়া’ নাম। তবে প্রথম ও দ্বিতীয় অবস্থানের মধ্যে পার্থক্যের হার গত বছরের তুলনায় এবার আরও বেড়েছে। তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ‘লিও’ ও ‘লুকা’। অন্যদিকে, এক সময়ের অত্যন্ত জনপ্রিয় নাম ‘আর্থার’, ‘অলিভার’ ও ‘জর্জ’ এবারের তালিকায় কিছুটা পিছিয়ে পড়েছে।
ওএনএসের তথ্য অনুযায়ী, গত কয়েক দশক ধরে ইংল্যান্ডে ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ১৯৯৭ সালে প্রথমবারের মতো এটি শীর্ষ ১০০ নামের তালিকায় জায়গা করে নিয়েছিল। এরপর ২০১৬ সালে শীর্ষ ১০-এ এবং ২০২৩ সালে প্রথমবারের মতো এটি শীর্ষস্থান দখল করে। উল্লেখ্য যে, ১৯২৪ সালে প্রথমবারের মতো এই নামটি ব্রিটিশ পরিসংখ্যানের তালিকায় ৯১তম অবস্থানে অন্তর্ভুক্ত হয়েছিল।
রিপোর্টারের নাম 





















