উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি সামরিক হামলা অবিলম্বে বন্ধের জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, এই উত্তেজনা ও সংঘাত অব্যাহত থাকলে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য চরম বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গুতেরেস জানান, সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর প্রতিক্রিয়ায় প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার ঘটনায় তিনি অত্যন্ত উদ্বিগ্ন। তিনি মনে করেন, এই সংঘাতের বিস্তার আঞ্চলিক স্থিতিশীলতাকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, উদ্ভূত পরিস্থিতি যদি একটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয়, তবে তা হবে বিশ্ববাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। এ অবস্থায় তিনি দুই পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানান এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে যাবতীয় বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান।
রিপোর্টারের নাম 





















