সাম্প্রতিক মার্কিন হামলার ঘটনাকে কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। একই সঙ্গে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা যেকোনো পরিস্থিতির জন্য যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উপদেষ্টা আলি সাফারি এই মন্তব্য করেছেন। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৬ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালির ‘ভবিষ্যৎ ব্যবস্থাপনার’ দায়িত্ব ইরানের ওপর বর্তায় এবং ওমান ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করে তা নির্ধারণ করার কথা ছিল।
ইরানি এই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের চাপে তৈরি করা দক্ষিণ নৌপথটি পূর্বের চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। এটি নৌ চলাচলে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছে। এই রুট দিয়ে নৌযোগাযোগ বন্ধ করে জাহাজ পাঠানো এক দায়িত্বজ্ঞানহীন কাজ। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে সাফারি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে যেকোনো একটি বেছে নিতে হবে—হয় ২৩ দিন আগে তারা যা স্বাক্ষর করেছে তা সম্মান করুক, অথবা প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়াক।’ তিনি দৃঢ়ভাবে বলেন, ‘ইরান আপনাদের কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।’
রিপোর্টারের নাম 



















