স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্বের তুলনায় অনেক ভালো হয়েছে এবং ভবিষ্যতে এই ধারা আরও অব্যাহত থাকবে।
শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মের কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এই কথা জানান।
উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ সংক্রান্ত এনসিপি নেতা নাহিদের সাম্প্রতিক মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা প্রশ্ন করতেই পারেন, যার যার প্রশ্ন সে করতে পারে।” তবে তিনি এ বিষয়ে আর কোনো কথা বলতে চাননি।
সম্প্রতি দুর্গাপূজা চলাকালীন অসুরের প্রতিমার মুখে দাড়ি লাগানোর ঘটনা প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে তিনি জানান, “এই দাড়ি লাগানোর সাথে যারা জড়িত, সেই সাতশো’রও বেশি মানুষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মামলা করা হচ্ছে। যারা এই অপকর্মটি করেছে, আমরা খুব দ্রুতই তাদের আইনের আওতায় নিয়ে আসব।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নিশ্চিত করেন যে দেশের সব বৌদ্ধ বিহারে আশ্বিনী পূর্ণিমার পর থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠান যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























