অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের নোবেল শান্তি পুরস্কার জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ বছর শান্তিতে নোবেলজয়ী ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) পাঠানো এক অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, “ভেনিজুয়েলার গণতন্ত্র ও স্বাধীনতার জন্য তার সাহসী লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় মারিয়া কোরিনা মাচাদোকে আমি হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাই।”
অধ্যাপক মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, “মারিয়া কোরিনা মাচাদো চরম নির্যাতন এবং নিপীড়নের মুখেও অটল থেকেছেন। তিনি তার দেশের মানুষের ন্যায়বিচার ও স্বাধীনতার ভবিষ্যতের প্রতি নিজের অঙ্গীকার থেকে কখনও সরে আসেননি।”
নোবেল কমিটির বক্তব্য তুলে ধরে অধ্যাপক ইউনূস আরও বলেন, “গণতন্ত্র টিকে থাকে সেইসব মানুষের ওপর নির্ভর করে, যারা নিশ্চুপ থাকতে চান না, চরম বিপদের ঝুঁকি থাকা সত্ত্বেও এগিয়ে আসার সাহস দেখান এবং আমাদের মনে করিয়ে দেন—স্বাধীনতা সহজে পাওয়া যায় না, একে সবসময় শব্দ, সাহস ও দৃঢ়তার মাধ্যমে রক্ষা করে যেতে হয়।”
তিনি তার বার্তায় আরও যোগ করেন, “মারিয়া কোরিনা মাচাদো একটি উন্নত বিশ্বের স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আবারও তাকে আমার আন্তরিক অভিনন্দন।”
রিপোর্টারের নাম 























