ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় পৌঁছান। সেখানে তিনি সেনাবাহিনীর সদস্যদের রণকৌশল ও বিশেষ প্রস্তুতিমূলক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
মহড়া পরিদর্শন শেষে সেনাপ্রধান উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের সর্বদা প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও জাতীয় প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজে অংশ নিতে তিনি সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্লাহ আল নোমান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ানা নাহিদ, পুলিশ সুপার আশিস বিন হাসানসহ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবেই এই গ্রীষ্মকালীন মহড়ার আয়োজন করা হয়। পরিদর্শন শেষে দুপুর ৩টার দিকে সেনাপ্রধান হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
রিপোর্টারের নাম 
























