খুলনা মহানগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় ইতি (১৫) নামে এক কিশোরীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত ইতি ওই এলাকার বাসিন্দা জুলফিকারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশিকের ছোট বোন ইতি।
प्रत्यক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত দুই যুবক ঘটনাস্থলে এসে ইতিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম পায়ের একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে কী কারণে এই হামলা হয়েছে বা কারা এর পেছনে রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে কিশোরীর ভাইয়ের পরিচয় বা পূর্ব কোনো শত্রুতার জেরে এই হামলা কি না, সে বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।
রিপোর্টারের নাম 
























