সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত কঠোর বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, যারা সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, সন্ত্রাসমূলক কার্যকলাপে লিপ্ত, মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত, তাদের সরকার কঠোর হাতে দমন করবে।
শনিবার রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ মাঠে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি ব্যক্তিগতভাবে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককে ঘৃণা করেন এবং এদের সাথে জড়িত বা এদের সহযোগিতাকারীদেরও ঘৃণা করেন বলে জানান। দেশের উন্নয়নের স্বার্থে এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনগণের পাশে থেকে তাদের সেবা করতে হবে। সরকারি বরাদ্দের অর্থ সংগ্রহ করতে যেন জনগণের সরকারি দপ্তরে ধরনা দিতে না হয়, সেজন্যই এই চেক বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
এর আগে, প্রতিমন্ত্রী একই এলাকায় আব্দুল আজিজ ভূইয়া ও বেগম শায়েস্তা নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর আয়োজনে বিনামূল্যে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন।
রিপোর্টারের নাম 






















