২০২৪ সালের ৩১ জুলাই একটি সাহিত্য সংকলন প্রকাশের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল ‘টেলস অব জুলাই’। সময়ের পরিক্রমায় এই উদ্যোগটি কেবল একটি সংকলন প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি এখন গবেষণা, আর্কাইভিং, প্রকাশনা এবং স্মৃতি সংরক্ষণের একটি সক্রিয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে ‘টেলস অব জুলাই’ মোট সাতটি গ্রন্থ প্রকাশ করেছে। এই গ্রন্থগুলোতে জুলাই বিপ্লবের বিভিন্ন দিক, সংশ্লিষ্টদের স্মৃতি, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত গল্পগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সম্প্রতি ২০২৬ সালের অমর একুশে বইমেলায় তাদের দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘জুলাইয়ের ফুল’ বইটিতে জুলাই বিপ্লবের ১১১ জন শিশু শহীদের জীবনের আলেখ্য প্রায় ৬০০ পৃষ্ঠায় স্থান পেয়েছে। একই সঙ্গে শহীদ ওসমান হাদিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্মারক গ্রন্থও প্রকাশিত হয়েছে। এর পূর্বে প্ল্যাটফর্মটি ‘রক্তাক্ত জুলাইয়ের কবিতা’, ‘ইন্টারনেট ক্র্যাকডাউনের দিনগুলো’, ‘শহীদ আনাস স্মরণ সংখ্যা’, ‘শহীদ মুগ্ধ স্মরণ সংখ্যা’ এবং ‘শহীদ আবরার ফাহাদ স্মরণ সংখ্যা’ সহ আরও বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশ করেছে। এই প্রকাশিত গ্রন্থগুলোর মাধ্যমে ‘টেলস অব জুলাই’ জুলাই বিপ্লবের নানা অনুষঙ্গ, শহীদদের জীবনকথা, সমকালীন অভিজ্ঞতা এবং সংগ্রামের ইতিহাস সংরক্ষণের প্রয়াস চালিয়ে যাচ্ছে।
বর্তমানে ১৩ সদস্যবিশিষ্ট একটি গভর্নিং বডির মাধ্যমে ‘টেলস অব জুলাই’ পরিচালিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান কবি ইস্রাফিল আকন্দ রুদ্র এবং নির্বাহী পরিচালক তাহসীন আহমেদ। প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত রয়েছেন ফেরদৌস মাহমুদ নূর, রাতুল হাসান রাফি, আমিনুল ইসলাম মজুমদার, আবু নছর তারেক, জাভেদ মোস্তফা শিহাব, জান্নাতুল মাওয়া মাহি, সানজিদা ইসলাম লাবণ্য, ফারজানা জাহান, সৈয়দা ফাতেমাতুল জান্নাত, রিফাত জাহান ও মায়েশা ফারজানা। এই সকল সদস্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বন্ধুত্বের টানে ইতিহাস সংরক্ষণ ও চর্চার এই উদ্যোগে যুক্ত হয়েছেন।
সংগঠনটির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা। তাদের স্মৃতি, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত বেদনার গল্পগুলো সংরক্ষণের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান ঘিরে তথ্য সংগ্রহ, নথিবদ্ধকরণ এবং বিশ্লেষণের কাজও তারা নিবিড়ভাবে করে চলেছে। এই লক্ষ্যে তারা বিভিন্ন গবেষক ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গেও ধারাবাহিক কাজ করছে।
রিপোর্টারের নাম 
























