গবেষণা ও বৈজ্ঞানিক প্রকাশনার ক্ষেত্রে এক নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা সাময়িকী ‘জার্নাল অব অ্যাডভান্সড ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল রিসার্চ’ (জাভার)। স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা মূল্যায়নকারী প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনস র্যাঙ্কিং ২০২৫-এর স্কোপাসভুক্ত বাংলাদেশের সব গবেষণা সাময়িকীর মধ্যে এটি প্রথম স্থান দখল করেছে। একই সঙ্গে ভেটেরিনারি সায়েন্স বিষয়ে এশিয়ার ৪৪টি সাময়িকীর মধ্যে দশম স্থান লাভ করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মর্যাদা পেয়েছে ‘জাভার’।
বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জার্নালটির প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক অধ্যাপক ড. কে. এইচ. এম. নাজমুল হুসাইন নাজির এই তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে প্রকাশিত ১৪টি গবেষণা সাময়িকী স্কোপাস ডাটাবেজে অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে ‘জাভার’ সর্বোচ্চ অবস্থানে আছে।
ড. নাজির আরও জানান, ‘জাভার’ বর্তমানে বাংলাদেশের একমাত্র কিউ-২ (Q2) মর্যাদাপ্রাপ্ত গবেষণা সাময়িকী। বিশ্বজুড়ে ২০৪টি ভেটেরিনারি বিজ্ঞান সাময়িকীর মধ্যে এটি ৫৪তম স্থানে রয়েছে। সাময়িকীটির বর্তমান এসজেআর (SJR) স্কোর ০.৪৬২, সাইটস্কোর ৩.০ এবং এইচ-ইনডেক্স ২৯। এছাড়া এর ইমপ্যাক্ট সূচক ১.৫ এবং পাঁচ বছরের গড় ইমপ্যাক্ট সূচক ১.৯। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আর মাত্র দুটি জার্নালকে অতিক্রম করতে পারলেই ‘জাভার’ কিউ-১ মর্যাদা অর্জন করবে।
২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০১৮ সালে স্কোপাসে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে ‘জাভার’ নিয়মিতভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশ করে আসছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মালয়েশিয়া ও রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা এই সাময়িকীতে প্রবন্ধ প্রকাশ করছেন। এখন পর্যন্ত ১ হাজার ৭০টি গবেষণা প্রবন্ধ জার্নালটিতে প্রকাশিত হয়েছে, যার সবই স্কোপাস ইনডেক্সভুক্ত।
রিপোর্টারের নাম 





















