জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর শুধু গান নয়, সমসাময়িক বিভিন্ন সামাজিক ইস্যুতেও নিয়মিত সরব থাকেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে দেশের বিনোদন, সংস্কৃতি চর্চা এবং সংগীতের বিকাশ নিয়ে নিজের গভীর ভাবনা প্রকাশ করেছেন।
আসিফ আকবর তার পোস্টে বিনোদনকে বাংলাদেশের ষষ্ঠ মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়ার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, দেশে বিনোদনের তীব্র সংকট রয়েছে, বিশেষ করে শিশুদের মানসিক বিকাশে এর কোনো বিকল্প নেই। বিনোদনের অভাব মানুষের মধ্যে হিংস্রতা, জিঘাংসা এবং হতাশার জন্ম দেয় বলে তিনি মত প্রকাশ করেন। খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মননশীলতার বিকাশ ঘটানো বিশ্বজুড়ে একটি কার্যকর পন্থা হিসেবেও তিনি তুলে ধরেন।
সংগীতের বিকাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করে আসিফ লেখেন, ১৯৭৯-৮০ সালে জিয়াউর রহমান চট্টগ্রামের সংগীতশিল্পীদের সঙ্গে বৈঠক করেন এবং দেশীয় বাদ্যযন্ত্রের পাশাপাশি ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টস চর্চার গুরুত্ব দেন। তিনি ওয়েস্টার্ন যন্ত্রপাতির আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেন, যা নব্বইয়ের দশকে ব্যান্ড সংগীতে বিপ্লব ঘটিয়েছিল। আসিফ বর্তমান সরকারকেও ধন্যবাদ জানান ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পূর্ব আরোপিত ৫ শতাংশ শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের জন্য, যা সঙ্গীতের ভিত্তি আরও শক্তিশালী করবে বলে তিনি মনে করেন।
বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া ৪৮টি দেশের মধ্যে ১৩টি মুসলিম দেশ উল্লেখ করে আসিফ বলেন, বিশ্বের সব মুসলিম দেশেই সংগীতসহ সব ধরনের খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা চলে। তাই পশ্চাৎপদতার দিকে না গিয়ে বিশ্বের সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করে দেশকে সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি। আসিফ আকবর আশা প্রকাশ করেন, বর্তমান সরকার একটি মহাপরিকল্পনার মাধ্যমে সারা দেশে মজবুত ও টেকসই সাংস্কৃতিক বিপ্লবের সূচনা করবে, যা শিশুদের মৌলিক অধিকার বিনোদন নিশ্চিত করে সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে সহায়ক হবে।
রিপোর্টারের নাম 





















