রাজধানীর মোহাম্মদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের মেধাবী ছাত্র মো. আবু জোবায়ের (২২) নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) রাত প্রায় ১১টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটির নিকট এই দুর্ঘটনা ঘটে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আবু জোবায়ের আইন বিভাগের ৪৬তম ব্যাচের একজন উজ্জ্বল শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (এমআইইউডিসি)’-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এমআইইউডিসির প্রতিনিধি হিসেবে তিনি জাতীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছিলেন। তার মেধা, ভদ্রতা ও আন্তরিকতার কারণে তিনি শিক্ষক, সহপাঠী এবং কর্মকর্তা-কর্মচারীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভোগীরপাড়া এলাকার বাসিন্দা মো. আবু জোবায়েরের বাবা মো. আবুল কালাম আজাদ একজন কৃষক এবং মা জহুরা বেগম গৃহিণী। পরিবারে তিনি ছিলেন একমাত্র ছোট ভাইয়ের বড়। কয়েক বছর আগে তার বড় ভাইও মৃত্যুবরণ করেছিলেন। জোবায়েরের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মা জহুরা বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের কাছে তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন।
পরিবারের পক্ষ থেকে চাচাতো ভাই আবিদ জানান, জোবায়ের মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় খালার বাসায় থেকে লেখাপড়া করতেন। সোমবার রাতে তিনি আরও দুই বন্ধুকে সঙ্গে নিয়ে রিকশাযোগে এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। পথে বাংলাদেশ ইউনিভার্সিটির নিকট দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে অন্য দুজন সামান্য আহত হলেও জোবায়ের গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আবু জোবায়েরকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ নিজ জেলা দিনাজপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
রিপোর্টারের নাম 



















