ফরিদপুরের বোয়ালমারীতে ইউটিউবে আঙুর চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে এক যুবক নিজের ভাগ্য বদলে নিয়েছেন। বাবর শেখ (৩১) নামের এই যুবক বিদেশি ফল হিসেবে পরিচিত আঙুর চাষ করে এলাকায় সাফল্যের নজির গড়েছেন। তিনি বর্তমানে তার ২০ শতাংশ জমিতে প্রায় দুইশ আঙুরগাছ থেকে বাণিজ্যিকভাবে ফলন পাচ্ছেন।
বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা বাবর শেখ ২০২২ সালের শেষ দিকে ইউটিউব থেকে অনুপ্রাণিত হয়ে যশোরের লেবুতলা এলাকার একটি বাগান থেকে ৪৬টি আঙুরের চারা সংগ্রহ করে নিজের জমিতে রোপণ করেন। প্রথমদিকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তিনি হাল ছাড়েননি। ছয় মাস পর মাত্র ২০টি গাছে ফল এলেও বাকি গাছগুলোতে ফল আসেনি। পরে তিনি রাজশাহী থেকে উন্নত জাতের লাল আঙুরের চারা সংগ্রহ করে নতুনভাবে পরিচর্যা শুরু করেন। মাত্র চার মাসের মধ্যেই তার গাছে ফল ধরতে শুরু করে এবং এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
বর্তমানে বাবর শেখের বাগানে সবুজ ও লাল রঙের থোকায় থোকায় আঙুর ঝুলছে, যা দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন। অনেকেই সরাসরি বাগান থেকে আঙুর কিনে নিয়ে যাচ্ছেন। উদ্যোক্তা বাবর শেখ জানান, তিনি ইউটিউব দেখে এবং বিভিন্ন আঙুর বাগান ঘুরে বাস্তব অভিজ্ঞতা নিয়ে চারা সংগ্রহ করেছেন। গোবর, জৈব সার, বালু ও ইটের কুচি মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করেছেন এবং নিয়মিত পরিচর্যার ফলে দ্রুত ফলন পেয়েছেন। তিনি বর্তমানে আঙুরের কলম তৈরি করে চারা উৎপাদন ও বিক্রিও করছেন। বাবর শেখ বাণিজ্যিকভাবে আঙুরচাষ সম্প্রসারণের জন্য বাইকুনুর, অ্যাকলো, অস্ট্রেলিয়ান কিং, ব্ল্যাক রুবি, ভ্যালেজ, লুরাজ, ডিক্সন ও ব্ল্যাক ম্যাজিকসহ বিভিন্ন উন্নত জাতের আঙুর চাষের পরিকল্পনা করছেন।
বাবরের বাবা আইয়ুব শেখ জানান, প্রথমে তিনি ছেলেকে জমি দিতে দ্বিধাগ্রস্ত ছিলেন, কারণ তাদের এলাকায় আগে কেউ আঙুর চাষ করেনি। কিন্তু ছেলের আগ্রহ দেখে তিনি জমি দেন এবং আজ বাবর তাদের সবাইকে অবাক করে দিয়েছে। প্রায় চার বছর ধরে গড়ে ওঠা এই আঙুর বাগান এখন স্থানীয় কৃষকদেরও অনুপ্রাণিত করছে। বাবর মনে করেন, সরকারি সহায়তা ও প্রশিক্ষণ পেলে দেশের বাজারে বিদেশি আঙুরের ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে উৎপাদিত আঙুরের চাহিদা পূরণ করা সম্ভব হবে। উপজেলা কৃষি অফিসার আলভীর রহমান জানান, তিনি ওই কৃষকের আঙুর বাগান পরিদর্শন করেছেন এবং কৃষককে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 
























