বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে শুক্রবার সকালে ‘লাইফ সাইকেল বিডি’ এই র্যালির আয়োজন করে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে র্যালিটি ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল ও মধুবাগ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
র্যালিপূর্বক স্বাগত বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন এবারের বাজেটে নেই; বরং এটি পুরোনো ধারার বাজেট। তিনি অভিযোগ করেন, সরকার ঋণখেলাপিদের সুবিধা দেওয়ার পথ উন্মুক্ত করেছে এবং কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। তিনি আরও মন্তব্য করেন যে, এই বাজেট তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে না।
শিক্ষা খাতের বাজেট প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পের ব্যয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশাসনিক ও আমলাতান্ত্রিক খরচ অন্তর্ভুক্ত করার কারণে প্রকৃত শিক্ষা খাতে বরাদ্দ দেশের জিডিপির দেড় শতাংশেরও নিচে নেমে আসবে। তিনি তরুণ সমাজের প্রতি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান এবং একটি সুস্থ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলে দাবি করেন।
রক্তদাতাদের উদ্দেশে সিটি আমির বলেন, এক ব্যাগ রক্ত একটি মানুষের জীবন বাঁচাতে পারে। মানবতার সেবায় রক্তদাতারা অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। রক্তদান শুধু মানবসেবা নয়, এটি একটি ইবাদতও। তিনি দেশের হাসপাতালগুলোতে আধুনিক পদ্ধতিতে রক্ত সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগ প্রকাশ করেন এবং এ সমস্যা সমাধানে ডিজিটাল ব্লাড ডোনার নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা বলেন।
অনুষ্ঠানে লাইফ সাইকেল বিডির পরিচালক তৌহিদুল ইসলাম রিয়াজ, উপদেষ্টা মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















