বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে মানুষকে উদ্বুদ্ধ করতে কুমিল্লার চৌদ্দগ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আস-সালাম ফাউন্ডেশন। সংগঠনটি জুমার নামাজে আগত প্রথম ১০০ মুসল্লির মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেছে।
শুক্রবার পৌর এলাকার রামরায়গ্রাম কাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এই বিশেষ আয়োজন করা হয়। আস-সালাম ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচির দ্বিতীয় পর্ব হিসেবে এই কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। আয়োজকরা জানান, পরিবেশবান্ধব সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করাই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী মুসল্লিরা মসজিদে প্রবেশের আগে একটি বাক্স থেকে টোকেন সংগ্রহ করেন, যার মাধ্যমে তাদের জন্য নির্ধারিত গাছের জাত নির্বাচিত হয়। নামাজ শেষে টোকেন জমা দিয়ে তারা নিজ নিজ গাছ গ্রহণ করেন। বিতরণকৃত গাছের চারার মধ্যে ছিল ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির চারা। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা গাছের সঠিক পরিচর্যা করবেন, তাদের বিশেষ পুরস্কারও প্রদান করা হবে।
আস-সালাম ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ সদস্য কাজী এমরানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক পরিষদের সভাপতি কাজী নাসিমের সঞ্চালনায় গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আরমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে কার্যকরী পরিষদের সদস্য কাজী সাকির, ডা. রবিন, অয়ন ভুঁইয়া, ইমরান খান, স্বেচ্ছাসেবক পরিষদের সদস্য কাজী সাকিব, কাজী জিসানসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মসজিদের মুসল্লি কাজী আবদুর রাজ্জাক এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “বিনামূল্যে গাছ বিতরণ একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সমাজ ও পরিবেশের কল্যাণে আস-সালাম ফাউন্ডেশন নিয়মিত ব্যতিক্রমী কর্মসূচি বাস্তবায়ন করছে।” আস-সালাম ফাউন্ডেশনের সভাপতি মিরাজ মজুমদার জানান, কুমিল্লার ইনসাফ স্পেশালাইজড হাসপাতালের অর্থায়নে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এই গাছ বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
রিপোর্টারের নাম 























