শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধা বিকাশ, গবেষণামূলক কর্মতৎপরতা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাকে উৎসাহিত করতে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী’ কর্মসূচি। দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং উদ্যোক্তা ভাবনার নানা দিক উপস্থাপন করে।
শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় জিয়ানগর উপজেলা পরিষদ হলরুমে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও প্রযুক্তি-ভিত্তিক চিন্তাধারাকে আরও বিকশিত করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। এছাড়াও একাডেমি সুপারভাইজার অশোক রায়, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া, জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম এবং জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্যোগ, আধুনিক কৃষি প্রযুক্তি, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্ভাবনী ধারণা তুলে ধরে। অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই এবং এমন আয়োজন শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টারের নাম 



















