শেষ সময়ে বাজেটের অর্থ লুটপাট বন্ধ করার জন্য ক্যালেন্ডার বছরের সঙ্গে মিলিয়ে অর্থবছর করার প্রস্তাব করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২০২৬-২৭) অর্থ বছরের জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিকল্প ‘জনমুখী বাজেট প্রস্তাবনা’ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী তাদের বিকল্প বাজেট প্রস্তাবনা পেশ করে। ডা. শফিকুর রহমান বলেন, প্রতি বছর এডিপির একটি বিশাল অংশ অর্থবছরের শেষ দুই মাসে তাড়াহুড়ো করে বাস্তবায়ন করা হয়, যা আসলে গণ লুটপাটের সামিল। এর সুফল জনগণের কাছে পৌঁছায় না, বরং কিছু অসৎ সুবিধাভোগীর পকেটে চলে যায়। তাই অর্থবছর ক্যালেন্ডার বছরের সঙ্গে মিলিয়ে করা হলে এই অপচয় রোধ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আগামী বাজেট কেমন হওয়া উচিত সে বিষয়ে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে জামায়াত তাদের চিন্তাভাবনা জনগণের সামনে তুলে ধরবে। এটি কোনো দলের জন্য নয়, বরং ১৮-২০ কোটি মানুষের জন্য একটি বাজেট প্রস্তাবনা। এই বাজেট বাস্তবায়নের জন্য সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এই বিষয়গুলো নিশ্চিত হলে প্রস্তাবিত বাজেট অর্জনযোগ্য হবে বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 



















