বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) তাদের বিশেষ সাধারণ সভায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনা অনুমোদন করেছে। তেজগাঁও শিল্প এলাকার ফিনিক্স টাওয়ারে গত শনিবার (৬ জুন ২০২৬) অনুষ্ঠিত এই সভায় মিল্ক ভিটার চেয়ারম্যান জনাব এস এম আমীর হামজা শাতিল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) জনাব জাহিদুল ইসলাম।
সভায় সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাউস ও ফাইন্যান্স) জনাব মোঃ নবীরুল ইসলাম এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রাণিসম্পদ-২ শাখা) জনাব মোহাম্মদ কামাল হোসেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় বিগত সভার কার্যবিবরণী ও বাজেট অনুমোদনের পাশাপাশি মিল্ক ভিটার সামগ্রিক উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প গ্রহণ এবং বিদ্যমান কারখানা আধুনিকায়নের উপর জোর দেওয়া হয়।
আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী, আইসক্রীম প্ল্যান্ট, ইউ.এইচ.টি মিল্ক প্ল্যান্ট, ইটিপি প্ল্যান্ট স্থাপন এবং ডিজিটালাইজেশনের মতো আধুনিক প্রকল্পগুলো হাতে নেওয়া হবে। এছাড়া, বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করা এবং সমিতির সদস্যদের ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে দেশের দুগ্ধ খাত ও গ্রামীণ কৃষকদের ভাগ্য উন্নয়নে মিল্ক ইউনিয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 



















