মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগে স্থানীয় আলিফ কাচ্চি রেস্টুরেন্টের এক কর্মচারীকে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। সোমবার সকালে নয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে শিশুটি তার বাড়ির পাশের একটি নলকূপের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় অভিযুক্ত মঞ্জু (৩৩) পথচারী হিসেবে সেখানে এসে পানি খাওয়ার অজুহাতে শিশুটিকে জাপটে ধরে। শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মঞ্জুকে আটক করেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।
তবে, অভিযুক্ত মঞ্জু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, তিনি দুই মাস ধরে ওই রেস্টুরেন্টে কাজ করছেন এবং ঘটনা সকালে ডিউটি শেষে নয়াকান্দি গ্রামে হাঁটতে বেরিয়েছিলেন। শিশুটিকে একা দেখে তার নাম জিজ্ঞেস করতেই স্থানীয়রা তাকে মারধর শুরু করে এবং অনৈতিক কাজের অভিযোগ তোলে। তিনি নির্দোষ বলে দাবি করেছেন।
গজারিয়া থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযুক্তকে উদ্ধার করেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গজারিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মো. সাব্বির হোসেন জানিয়েছেন, ভিকটিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 























