নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী গ্রামের সোনা মিয়া বেপারীবাড়ীতে ওমান প্রবাসী যুবদল নেতা আব্দুল খালেকের বাড়িতে গভীর রাতে পূর্বশত্রুতার জেরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং প্রবাসীর পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আব্দুল খালেকের পরিবারের সদস্যরা পারিবারিক কাজে আত্মীয়ের বাড়িতে যাওয়ায় ঘরটি ফাঁকা ছিল। এই সুযোগে গত শুক্রবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বসতঘরের চারপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
এই অগ্নিকাণ্ডে প্রবাসীর ঘরের হাঁড়ি-পাতিল, ফ্রিজ, খাটসহ মূল্যবান আসবাবপত্র ও জিনিসপত্র পুড়ে যাওয়ায় এক রাতেই আব্দুল খালেকের পরিবার নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন এবং ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছেন।
খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রবাসী আব্দুল খালেকের স্বজনরা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাটোয়ারী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তির দাবি করেছেন। তিনি অসহায় প্রবাসীর পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড মেম্বার কামরুল হাসান কমল জানান, প্রবাসী আবদুল খালেক এমনিতেই অভাবী। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তারা এখন পথে বসে গেছে। জড়িতদের বিচারের পাশাপাশি প্রবাসী আবদুল খালেকের ঘুরে দাঁড়াতে দেশে-প্রবাসে অবস্থানরত বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
রিপোর্টারের নাম 























