সিরাজগঞ্জের কাজিপুরে এক গরু ব্যবসায়ীকে ফিল্মি স্টাইলে কুপিয়ে নগদ টাকা ছিনতাই করে পালিয়েছে একদল দুষ্কৃতকারী। রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি বাজারে এই ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীর নিকট থাকা গরু বিক্রির ৬ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে গেছে।
ছিনতাইয়ের শিকার হওয়া ও আহত ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজনা গ্রামের মৃত মনছের আলীর পুত্র। রাতেই আহত রাজ্জাকের সঙ্গে থাকা আরেক ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী ও থানায় দেওয়া মামলা সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক রোববার কাজিপুর উপজেলার সোনামুখী হাটে গরু বিক্রি করেন। বিকেলে তিনি আরও দুই ব্যবসায়ীসহ সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। হাজরাহাটি বাজারে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা তিনজন দুষ্কৃতকারী একটি মোটরসাইকেলে এসে গাড়ির গতিরোধ করে। এরপর তারা চাইনিজ কুড়াল দিয়ে আব্দুর রাজ্জাককে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার কাছে থাকা মোট ৬ লক্ষ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত চরভানুডাঙ্গা রোডের দিকে চলে যায় তারা।
পরে স্থানীয় লোকজন ও আহত রাজ্জাকের অন্য দুই ব্যবসায়ী বন্ধু তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। নাম প্রকাশ না করার শর্তে হাজরাহাটি বাজারের এক ব্যবসায়ী জানান, তারা কিছু বুঝে ওঠার আগেই তিনজন লোক মোটরসাইকেলে এসে সিএনজি থামিয়ে মারধর শুরু করে। ভয়ে তারা দোকানের আড়ালে চলে যান। কয়েক সেকেন্ড পরেই দুষ্কৃতকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এই ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত রয়েছেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ এনায়েতুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। থানায় মামলা নেওয়া হয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে।
রিপোর্টারের নাম 























