ফেনীতে মারধরের শিকার হয়ে মো. জসিম উদ্দিন (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) ভোর পৌনে ৪টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জসিম উদ্দিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের মৃত তমছির আলীর ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাত ১১টার দিকে শহরের বড় মসজিদ এলাকা থেকে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আহত অবস্থায় জসিম উদ্দিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে তার মৃত্যু হয়।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রোকন উদ দৌলা জানান, হাসপাতালে আনা আহত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের পরিচয় শনাক্ত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার রাতে শহরের বড় মসজিদ এলাকায় জসিমের সঙ্গে হাতাহাতি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে এবং সেখানেই তাকে মারধর করা হয়। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 























