বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী এই দণ্ডাদেশ দেন। অভিযানে ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের হারুনর রশিদ (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার ইয়ামিন হাওলাদার (৩০)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফয়লা বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশনের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, অভিযানে পচা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাংস বিক্রির প্রমাণ পাওয়া যায় এবং জব্দ করা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
স্থানীয়দের অভিযোগ, হারুনর রশিদ দীর্ঘদিন ধরে মৃত ও পচা গরুর মাংস বিক্রি করে আসছেন। এ ঘটনার পর তার মাংস বিক্রির লাইসেন্স বাতিলের দাবিও জানিয়েছেন এলাকাবাসী। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় বাজারে নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা।
রিপোর্টারের নাম 























