রাজশাহী নগরীতে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার দুপুর পৌনে ১টার দিকে নগরীর বোয়ালিয়া থানা এলাকায় এই হামলা ঘটে। আহত শিক্ষার্থী নন্দিনী ঘোষ, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ব্যবহারিক খাতা তৈরির জন্য বিদ্যালয়ে গিয়েছিল নন্দিনী। কাজ শেষে বাড়ি ফেরার পথে স্কুলসংলগ্ন একটি গলিতে তাকে অজ্ঞাত এক ব্যক্তি ডেকে নিয়ে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নন্দিনীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে। বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীর কোনো পরিচিত ব্যক্তি এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, তবে তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে। এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। আহত শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টারের নাম 





















