কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে ধাওয়া করে স্থানীয়রা ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে। এ ঘটনায় মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করেছে পুলিশ। রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কয়েকটি যানবাহনে করে আসা বিপুলসংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী হঠাৎ করেই সড়কে নেমে মিছিল শুরু করে। প্রায় ২৪ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী এই মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। স্থানীয় সূত্র আরও জানায়, মিছিলটি পূর্বপরিকল্পিত ছিল এবং প্রথমে বুড়িচং উপজেলার নিমসার মহাসড়ক এলাকায় কর্মসূচি পালনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ার এলাকায় জড়ো হয়ে ইউটার্ন মোড় এলাকায় আকস্মিক মিছিল বের করা হয়।
মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা তাদের ধাওয়া করে কয়েকজনকে আটক করেন এবং মিছিলকারীদের বহনকারী কয়েকটি যানবাহন জব্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে মোট ৪৫ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগ দমনের জন্য ছাত্রদল প্রস্তুত এবং জনগণের ভোগান্তি সৃষ্টি করার যেকোনো পাঁয়তারা শক্ত হাতে দমন করা হবে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, হঠাৎ করেই নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী প্রায় ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল বের করে। পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে এবং মিছিলে ব্যবহৃত তিনটি হায়েস ও দুটি বাস জব্দ করা হয়েছে। ঘটনার পর মহাসড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























