ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। বর্তমান সরকারের প্রথম এই বাজেট অধিবেশন রোববার বেলা ৩টায় শুরু হয়। আগামী ১১ জুন আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করা হবে। এই বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংসদে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য তাদের অবস্থান আরও সোচ্চার করবে বলে জানা গেছে।
পবিত্র ঈদুল আজহার ছুটির আমেজ কাটিয়ে পূর্বঘোষিত বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাজপথেও ফের সক্রিয় হচ্ছে ১১ দলীয় ঐক্য। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবির পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইসলামী ব্যাংকে বিতর্কিত ব্যক্তির চেয়ারম্যান নিয়োগসহ সাম্প্রতিক বিষয়গুলো তাদের আন্দোলন কর্মসূচিতে যুক্ত হবে। জোটগতভাবে ছাড়াও শরিক দলগুলো আলাদাভাবে চলমান জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিবাদ-বিক্ষোভে সোচ্চার থাকবে বলে সূত্র জানিয়েছে।
সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীসহ সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই কর্মসূচি কোনো দলের নয়, বরং ১৮ কোটি মানুষের। তিনি আরো জানান, জনগণের স্বার্থে জামায়াত জাতীয় সংসদে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করবে।
এদিকে, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং খেলাফত মজলিসও রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। বাংলাদেশ খেলাফত মজলিসও রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। অন্যান্য দলও বক্তব্য-বিবৃতির মাধ্যমে সরকারের জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে।
জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে গণভোটের রায় কার্যকরের দাবিতে গত ৩০ এপ্রিল লিয়াজোঁ কমিটির বৈঠক ও প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। ঘোষণা অনুযায়ী ঈদের আগে গত ১৬ মে রাজশাহীতে প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ করার কথা রয়েছে জোটটির।
রিপোর্টারের নাম 
























