বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এবং দখলবাজি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশজুড়ে যে দখলবাজি ও চাঁদাবাজির ধারা শুরু হয়েছিল, তা এখনও চলছে এবং এটি সুশাসনের পথে এক বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত তিনটি অধ্যাদেশ রহিত করার মাধ্যমে সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণের অঙ্গীকারের বিপরীতমুখী অবস্থান নিয়েছে। এছাড়াও, ইসলামী ব্যাংকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং ব্যাংক রেজুলেশন আইনটিও ত্রুটিপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। দুদক এখনও কমিশনহীন থাকায় জনগণের মাঝে ভুল বার্তা যাচ্ছে এবং এটি দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে দুর্বল করে তুলছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে টিআইবির পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনস) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পরিচালক (রিসার্চ) মুহাম্মদ বদিউজ্জামান এবং রিসার্চ ফেলো রাজিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















