টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর প্রতিশোধ নিতে ওই প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করেছেন এক যুবক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হাসানের বাড়ির পাশে একটি এনজিওতে বাবুর্চির কাজ করতেন সাতক্ষীরার রাজু মিয়া। একই এলাকায় বসবাস করার সুবাদে রাজু ও হাসানের স্ত্রী জহুরার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং তা পরকীয়া প্রেমে রূপ নেয়। গত ৭ মে হাসান বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী জহুরাকে নিয়ে রাজু মিয়া উধাও। এতে ক্ষুব্ধ হয়ে হাসান প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন।
গত ৪ জুন হাসান মিয়া সাতক্ষীরা থেকে রাজুর স্ত্রীকে তার তিন বছরের সন্তানসহ মির্জাপুরে নিয়ে আসেন এবং তাকে বিয়ে করেন। এ প্রসঙ্গে হাসান মিয়া বলেন, ‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি। পরকীয়া প্রেমের শাস্তি দিতেই আমি এমন কাজ করেছি।’ এই ঘটনার পর থেকে বাবুর্চি রাজু মিয়ার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার শাজাহান সিরাজ।
রিপোর্টারের নাম 





















