রাজধানীর কলাবাগান এলাকায় ব্যায়ামের সরঞ্জাম ডাম্বেল দিয়ে বড় ভাই সাদমান ওয়াসিফ সুপান্থকে (১৭) হত্যার অভিযোগে ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধকে (১৬) গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর অবকাশকালীন বিচারক মোহাম্মদ আল মামুন এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই শামছুল হক সুমন আসামিকে আদালতে হাজির করে কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালে দুই ভাইয়ের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর তারা মায়ের সঙ্গে কলাবাগান এলাকায় বসবাস করছিল। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি ও বিরোধ হতো।
রবিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে দুই ভাইয়ের মধ্যে আবারও বাগ্বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় শুদ্ধ নিজের কক্ষ থেকে বের হয়ে বড় ভাইয়ের কক্ষে গিয়ে ডাম্বেল দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সুপান্থকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের চাচা রিয়াদুস সালেহীন সাদী সোমবার (১ জুন) কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করেন।
ব্রেকিং নিউজ::
কলাবাগানে ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যার দায়ে কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
-
রিপোর্টারের নাম - আপডেট সময় : ০৭:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























