ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঝালকাঠি জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মাইনুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়কের কাছে অব্যাহতিপত্র পাঠিয়েছেন। গত রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ তথ্য জানান।
মাইনুল ইসলাম জানান, গত ২৩ মে তিনি সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা মিতুকে ঝালকাঠিতে বসেই পদত্যাগের বিষয়টি জানিয়েছিলেন। এছাড়াও বরিশাল বিভাগীয় আহ্বায়ককেও বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু অব্যাহতিপত্র দেওয়ার এক সপ্তাহ পার হলেও কেন্দ্রীয় কমিটি তা গ্রহণ না করায় তিনি রবিবার বিষয়টি প্রকাশ্যে আনেন।
এই বিষয়ে এনসিপির কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কিনা, সে বিষয়েও এখনও কোনো ঘোষণা আসেনি।
চলতি বছরের ৪ জানুয়ারি ঝালকাঠিতে এনসিপির জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিতে মাইনুল ইসলামকে আহ্বায়ক এবং জুবায়ের হাওলাদারকে সদস্যসচিব করে ১৮ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
রিপোর্টারের নাম 

























