রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে চুরি হওয়া মালামাল এক বিএনপি নেতার ভাঙারির দোকান থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান এই অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দোকানের ভেতর থেকে বিএনপি নেতা আইয়ুব আলী খানের শ্যালক হালিমকে (৩৫) আটক করে পুলিশ।
জানা গেছে, আইয়ুব আলী খান দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য। তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। তার ভাঙারির দোকানটি দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত। তার ছোট ছেলে অনিক এই দোকানের সার্বিক দেখাশোনা করেন।
দৌলতদিয়া ভূমি অফিসের অফিস সহায়ক মো. বেলাল মন্ডল জানান, ঈদের ছুটির শেষ দিনে অফিস তালাবদ্ধ করে চলে যাওয়ার পরদিন সকালে অফিসের ডিজিটাল ভূমি সেবা কর্মকর্তা রাজিব মহাসড়ক থেকে অফিসের বাইরের বিদ্যুতের তার ঝুলতে দেখেন। এরপর তিনি ভেতরে প্রবেশ করে দেখতে পান জানালার দরজা ভাঙা, তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়েছে। এই খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে এসিল্যান্ড স্যারকে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
দৌলতদিয়া ডিজিটাল ভূমি সেবা কর্মকর্তা মো. রাজিব প্রামাণিক জানান, তিনি প্রথমে অফিসের বাইরে বিদ্যুতের তার ঝুলতে দেখে ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি দেখতে পান জানালা ভাঙা, দরজার তালা খোলা, কম্পিউটার, ঘরের ফ্যান, সার্ভিস তার এবং পানির মোটর চুরি হয়ে গেছে। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করা অবস্থায় ছিল। এরপর তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।
অভিযান পরিচালনাকালে উপস্থিত আইয়ুব আলী খানের ছোট ভাই ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াহিয়া খান সাংবাদিকদের বলেন, ভাঙারির দোকানে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জিনিস বিক্রির জন্য নিয়ে আসে। এর মধ্যে কোনটি চুরি করা মাল তা বোঝা কঠিন। তবে তারা ভূমি অফিসের মালামাল বিক্রির সাথে জড়িত চোরকে খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দেবেন বলে জানান।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির খান বলেন, দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে ভাঙচুর করে যেভাবে মালামাল হাতিয়ে নেওয়া হয়েছে, এটিকে চুরি না বলে বরং ডাকাতি বলা চলে। তিনি আরও জানান, অনিক খানের ভাঙারির দোকান থেকে চুরি যাওয়া ১১টি মালামালের মধ্যে নয়টি উদ্ধার করা হয়েছে। তবে কম্পিউটার মনিটর ও সিসিটিভির ডিভিআর মেশিনসহ কিছু মালামাল এখনো উদ্ধার হয়নি।
রিপোর্টারের নাম 













