সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা তাদের প্রধান তিন প্ল্যাটফর্ম—ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে নতুন সাবস্ক্রিপশন সেবা চালু করতে যাচ্ছে। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও, প্রতিষ্ঠানটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারীদের জন্য আরও নতুন সাবস্ক্রিপশন সেবার পরীক্ষাও শুরু করবে।
মেটা এক ঘোষণায় জানিয়েছে, বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য এই নতুন সাবস্ক্রিপশন পরিকল্পনা চালু করা হচ্ছে এবং ভবিষ্যতে চালু হতে যাওয়া বিভিন্ন সাবস্ক্রিপশন সেবাকে ‘মেটা ওয়ান’ ব্র্যান্ডের অধীনে আনা হবে। নতুন এই পরিকল্পনার আওতায়, ইনস্টাগ্রাম প্লাস এবং ফেসবুক প্লাসের মাসিক সাবস্ক্রিপশন ফি হবে ৩.৯৯ মার্কিন ডলার, এবং হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য খরচ করতে হবে ২.৯৯ ডলার। সাবস্ক্রাইবাররা তাদের প্রোফাইল কাস্টমাইজেশন, বিশেষ প্রতিক্রিয়া, স্টোরি-সংক্রান্ত অতিরিক্ত তথ্যসহ নানা সুবিধা পাবেন।
মেটার পণ্যবিষয়ক প্রধান নাওমি গ্লেইট জানিয়েছেন, ভবিষ্যতে এই সেবাগুলোতে আরও নতুন ফিচার যুক্ত করা হবে। তবে, এই ‘প্লাস’ পরিকল্পনাগুলো মেটা ভেরিফায়েড সেবার বিকল্প নয়। পরিচয় যাচাই, ভুয়া পরিচয় প্রতিরোধ এবং অতিরিক্ত সহায়তার মতো সুবিধাগুলো মেটা ভেরিফায়েড সেবায় আগের মতোই থাকবে।
নতুন ‘ইনস্টাগ্রাম প্লাস’ ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের স্টোরি কতজন বারবার দেখেছেন এবং ‘ক্লোজ ফ্রেন্ডস’-এর বাইরেও অসংখ্য ভিউয়ার্স তালিকা তৈরির সুযোগ পাবেন। এছাড়া, সপ্তাহে একবার স্টোরিকে অতিরিক্ত দর্শকের সামনে তুলে ধরা, ২৪ ঘণ্টার বেশি সময় স্টোরি দৃশ্যমান রাখা, নিজের নাম গোপন রেখে স্টোরি দেখা এবং স্টোরি ভিউয়ার্সের তালিকায় সার্চ করার মতো সুবিধাও থাকবে। এর পাশাপাশি, বিশেষ অ্যানিমেটেড প্রতিক্রিয়া, কাস্টম অ্যাপ আইকন, প্রোফাইলের বায়োতে নিজস্ব ফন্ট ব্যবহার এবং অতিরিক্ত পিন করা পোস্টের সুবিধা পাওয়া যাবে।
ফেসবুক প্লাসেও প্রায় একই ধরনের সুবিধা প্রদান করা হবে। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ প্লাসে বিভিন্ন থিম, কাস্টম রিংটোন, বেশি সংখ্যক চ্যাট পিন করার সুযোগ, তালিকা কাস্টমাইজেশন এবং প্রিমিয়াম স্টিকারের মতো সুবিধা যুক্ত করা হবে।
রিপোর্টারের নাম 














