জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে এবং বিভিন্ন শিশু হত্যা ও ধর্ষণের ঘটনার সঙ্গে সরকারি দলের লোকেরাই জড়িত। তিনি আরও জানান, সরকারি দলের সংশ্লিষ্টতার কারণে আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে দ্বিধাগ্রস্ত থাকে। তিনি বিষয়টি সংসদে উত্থাপন করার কথা বলেন।
রবিবার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি সরকারকে ব্যর্থ সরকার বলা যায় কিনা, এমন প্রশ্নের জবাবে বিরোধীদলীয় উপনেতা বলেন, ‘আমরা এখনই বিএনপি সরকারকে ব্যর্থ সরকার বলতে চাই না। তবে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে তাদের ব্যর্থতা মানুষের কাছে স্পষ্ট হবে এবং জনগণ তাদের ব্যর্থ সরকার হিসেবেই দেখবে। এটি দেশের জন্য মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে।’ তিনি বিএনপি ও সরকার প্রধানকে দ্রুত সমস্যা চিহ্নিত করে সমাধানের আহ্বান জানান, যাতে দেশ উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবং কুমিল্লা দক্ষিণ জেলার আমির মুহাম্মদ শাহজাহান প্রমুখ।
রিপোর্টারের নাম 




















