নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জুবায়ের হোসেন রাকিব (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে উত্তেজিত জনতা সন্দেহভাজন অভিযুক্তদের পাঁচটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। রবিবার (৩১ মে) সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাকিব ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের সৌদিপ্রবাসী মো. হানিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবের স্বজন ও এলাকাবাসী এই হামলা চালান। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানিয়েছেন, হামলার ঘটনায় দুটি ঘর পুরোপুরি পুড়ে গেছে এবং আরও তিনটি ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাকিব হত্যাকাণ্ড এবং পরবর্তী হামলা-অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, শনিবার রাতে রাকিব ও তার ভাই রিমন বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর লাঠিসোঁটা ও রড নিয়ে অতর্কিত হামলা চালায়। রড দিয়ে বেধড়ক পিটিয়ে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেওয়া হয়। তাকে রক্ষা করতে এগিয়ে যাওয়ায় তার ভাই রিমনের ওপরও হামলা করে দুর্বৃত্তরা। পরে রিমনের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। রাকিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিপোর্টারের নাম 




















