নোয়াখালী সদর উপজেলায় ইয়াবা সেবন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর অপরাধী দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের সময় একপক্ষের বেধড়ক মারধরে কামাল উদ্দিন (৫০) নামে এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের রামবল্লভপুর এলাকায়। নিহত কামাল উদ্দিন একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লেসি সরদার বাড়ির মৃত সোলাইমানের ছেলে।
স্থানীয় সূত্রমতে, নিহত কামালের ছেলে তারেক (২৫) এবং ভাতিজা ফরহাদ (২৪) বিরুদ্ধে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে রামবল্লভপুর পুর এলাকার মিনু হাজী বাড়ি ও লেসি সরদার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় তাদের ইয়াবা বিক্রি ও সেবনকে কেন্দ্র করে উভয় বাড়ির কিশোরদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে মারামারি শুরু হয়।
এক পর্যায়ে লেসি সরদার বাড়ির লোকজন মিনু মাঝি বাড়ির শামসুদ্দিন শামু (২৫), সিফাত (২২), সাইফুল ইসলাম (২৩), নুর উদ্দিন (২৪), তাওহীদ (২৩), মামুন (২২) সহ আরও কয়েকজনকে আটক করে। পরে মিনু মাঝি বাড়ির ইমাম উদ্দিন (৪০) হস্তক্ষেপে তাদের ছাড়িয়ে আনতে গেলে সেখানে তাদের সঙ্গে তারেক (২৫), ফরহাদ (২৪) ও পারভেজ (২৪) এবং আরও কয়েকজনের সংঘর্ষ বাঁধে। এ সময় মিনু মাঝি বাড়ির কিশোরদের ধাওয়ায় তারেক, পারভেজ ও ফরহাদ পালিয়ে গেলেও তারেকের বাবা কামাল উদ্দিনকে বেধড়ক মারধর করে তারা।
মারধরের এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রামচন্দ্র ভট্টাচার্য জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 





















