রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মো. সাঈদ নামে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা। আনসার বাহিনীর কর্মকর্তাদের দাবি, তিনি একটি বড় ছিনতাইকারী চক্রের প্রধান। শনিবার (৩০ মে) গভীর রাতে এই ঘটনা ঘটে। পরে তাকে এবং তার কাছ থেকে জব্দ করা অস্ত্র সবুজবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনসার বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের ছুটির মধ্যেও হাসপাতালে চিকিৎসাসেবা অব্যাহত থাকায় সেখানে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ সময় একটি সশস্ত্র দল হাসপাতালের ভেতরে ছিনতাইয়ের চেষ্টা করলে আনসার সদস্যদের তৎপরতায় তা ব্যর্থ হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, ঈদের ছুটির কারণে জরুরি ও বহির্বিভাগে রোগীর চাপ কিছুটা কম থাকলেও চিকিৎসাসেবা স্বাভাবিক ছিল। এই পরিস্থিতিতে ঢাকা মহানগর আনসার পূর্ব জোনের একটি টহল দল হাসপাতাল এলাকায় দায়িত্ব পালন করছিল। তারা হাসপাতালের একটি অন্ধকার স্থানে কিছু ব্যক্তির সন্দেহজনক চলাচল এবং অস্ত্রসহ উপস্থিতি লক্ষ্য করে। আনসার সদস্যরা এগিয়ে গেলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে।
ধাওয়া করে সাঈদকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগীরা অন্ধকার ও ভিড়ের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে আনসার বাহিনী। আটকের পর সাঈদের দেহ তল্লাশি করে চারটি ধারালো ছুরি, একটি বড় রামদা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে তাকে এবং জব্দকৃত আলামত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সবুজবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রিপোর্টারের নাম 























