জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, যদি অসময়ে জিয়াউর রহমানকে ঘাতকরা হত্যা না করতো, তাহলে বাংলাদেশ আজ একটি অত্যন্ত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো। দেশবাসীর বর্তমান সমস্যাগুলোর অনেকটাই তিনি সমাধান করতে সক্ষম হতেন বলে তিনি মনে করেন।
শনিবার (৩০ মে) ভোলা সফরের শেষ দিনে জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, শহীদ জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। যদিও তিনি আজ আমাদের মাঝে নেই, তাঁর আদর্শ অনুসরণ করে বিএনপি এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দলসমূহ বাংলাদেশেকে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
স্পিকার আশা প্রকাশ করেন যে, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে এবং জিয়ার আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানও বাংলাদেশকে উন্নতির পথে পরিচালিত করতে সক্ষম হবেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক যোগাযোগ তুলে ধরে স্পিকার বলেন, তাঁর জাতীয়তাবাদী আদর্শ আজও বাংলাদেশকে পরিচালনা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারবার জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। বিগত ১৬ বছর ধরে বেগম খালেদা জিয়া অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তাঁর রাষ্ট্রনায়কোচিত দক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল। মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়করা তাঁকে আল কুদস কমিটির সদস্য নির্বাচিত করে মুসলিম বিশ্বের বিবাদ মধ্যস্থতা করার জন্য বেছে নিয়েছিলেন, যা বাংলাদেশের জন্য এক বিরাট গৌরবের বিষয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জিয়াউর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের অর্জন নিয়েও স্মৃতিচারণ করেন।
রিপোর্টারের নাম 






















