বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখন ক্ষমতায় ছিল, তখন দেশের চলচ্চিত্রে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি জোর দিয়ে বলেন যে, পূর্বের অভিজ্ঞতার আলোকে বিএনপি সরকার আবারও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে।
শনিবার (৩০ মে) দুপুরে বিএফডিসির সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের আয়োজনে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চলচ্চিত্র অনুদান প্রথা চালু করেছিলেন। এছাড়াও, তিনি বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা করেন। তার শাসনামলেই বাংলাদেশ টেলিভিশন সাদাকালো থেকে রঙিনে রূপান্তর এবং বিএফডিসির আধুনিকায়নের কাজ শুরু হয়েছিল।
বিশেষ অতিথি হিসেবে চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, বিগত ১৭ বছরে বিএফডিসি ধ্বংস করা হয়েছে এবং বিএনপির সময়ে চলচ্চিত্রের যে অগ্রগতি হয়েছিল, তা পরবর্তীতে নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সকলকে সাথে নিয়ে চলচ্চিত্র অঙ্গনের উন্নয়ন করা হবে।
রিপোর্টারের নাম 























