জামালপুরের ইসলামপুরে গভীর রাতে এক দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দগ্ধ দম্পতিকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তর পাড়া গ্রামে আল আমিনের বাড়িতে শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। একটি সংঘবদ্ধ ডাকাত দল আল আমিনের বাড়িতে প্রবেশ করে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করে নেওয়ার সময় দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
ভুক্তভোগীদের চাচা হাসর আলী জানান, ডাকাতরা আল আমিন (৩২) ও তার স্ত্রী আঁখি আক্তারকে (২৮) অ্যাসিডে দগ্ধ করে। তাদের চিৎকারে স্বজনরা জেগে ওঠে এবং দ্রুত হাসপাতালে নিয়ে যায়। অ্যাসিডে দগ্ধ অবস্থায় তাদের প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে পাঠানো হয়, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।
ইসলামপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 























