কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর একদিন পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সিদ্দারামাইয়া। দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে নতুন সরকার গঠন, মন্ত্রিসভা পুনর্গঠন এবং দলে তার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৯ মে) সিদ্দারামাইয়া তার পুত্র ওয়াইতিন্দ্রকে সঙ্গে নিয়ে রাহুল গান্ধীর বাসভবনে যান। সেখানে কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালাও উপস্থিত ছিলেন। তবে সূত্র জানিয়েছে, বৈঠকে সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন না।
বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের সেবা করার সুযোগ দেওয়ার জন্য রাহুল গান্ধীকে ধন্যবাদ জানান সিদ্দারামাইয়া। পাশাপাশি হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, সে বিষয়েও রাহুল গান্ধীকে অবহিত করেন।
নতুন মন্ত্রিসভায় নিজের ছেলে ও ঘনিষ্ঠ অনুগতদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও আলোচনা করেন সিদ্দারামাইয়া। পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী পদসহ মন্ত্রিসভার সম্প্রসারণ ও পুনর্গঠন নিয়েও আলোচনা হয়। বিদায়ী মন্ত্রিসভার একাধিক সদস্য নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
এদিকে, রাজ্যসভার আসন প্রত্যাখ্যান করেছেন সিদ্দারামাইয়া এবং তিনি কর্ণাটকেই থাকতে আগ্রহী বলে দলীয় শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। কেন্দ্রীয় কোনো দায়িত্ব গ্রহণ না করে রাজ্য রাজনীতিতেই থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
শনিবার কংগ্রেস বিধানসভা দলের বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যেখানে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে। এর আগে কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট সিদ্দারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা বিলুপ্ত করেন। তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তাকে দায়িত্বে থাকার নির্দেশ দেন।
রিপোর্টারের নাম 























