ঈদের আনন্দ ভাগাভাগি করতে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে ছয় বন্ধু। বগুড়ার শেরপুরে বেপরোয়া গতির তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই বন্ধু, আহত হয়েছেন আরও চারজন। ঈদের রাতে এমন দুর্ঘটনায় দুই পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাত পৌনে ৯টায় উপজেলার শুভগাছা শাফলজানি এলাকার শেরপুর-ধুনট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শেরপুর পৌরসভার উলিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আবু রায়হান (২০) এবং শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার প্রবাসী নান্নু মিয়ার ছেলে ও শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তামিম হোসেন (২১)।
আহত চার বন্ধু রাজন, সিয়াম, হাসান ও ছামিরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে ছয় বন্ধু দুটি মোটরসাইকেলে করে ধুনটের দিকে যাচ্ছিলেন। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। শুভগাছা এলাকার শাফলজানি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই আবু রায়হান মারা যান। গুরুতর আহত তামিম হোসেনসহ অন্যদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তামিম হোসেন মারা যান।
পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















