কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে পুলিশ আটক করেছে। রবিবার দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এই ঘটনা ঘটে। আটককৃত ইমাম হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩) নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাপুর-বনপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আটক ইমাম স্থানীয় আগরপুর বাসস্ট্যান্ডের একটি মাদ্রাসায় হাফেজি পড়া শেষ করেছেন। গত এক মাস ধরে তিনি কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভুক্তভোগী শিশুটি প্রতিবন্ধী। দুপুরের খাবারের জন্য শিশুটি ইমামের কাছে গেলে তিনি তাকে ধর্ষণ করেন। শিশুটি ঘটনাটি জানানোর পর এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক লোক ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের সামনেই বিক্ষোভ প্রদর্শন করেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ জানান, ‘মসজিদের মধ্যে শিশুকে ধর্ষণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’
রিপোর্টারের নাম 
























