ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার সময় কোমরে থাকা বস্তু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে নীল টি-শার্ট ও সাদা পাঞ্জাবি পরিহিত দুই যুবককে সন্দেহজনক কিছু বহন করতে দেখা যায়, যা নিয়ে পিস্তল কিংবা লাঠি ব্যবহারের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে জানা যায়, ওই দুই যুবকের নাম আশিক ও সিয়াম। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজার ভাষ্যমতে, তারা দলের নিয়মিত কর্মী নন, বরং নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুরাগী হিসেবে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছিলেন। তার দাবি, কোমরে থাকা বস্তুটি কোনো আগ্নেয়াস্ত্র নয়, বরং এটি একটি স্ট্রিজ বা ভাজ করা লাঠি, যা মূলত হামলাকারীদের কাছ থেকেই উদ্ধার করা হয়েছিল। এদিকে, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ফেসবুক পোস্টে দাবি করেছেন যে, ওই দুই যুবক শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি তাদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। তবে এই দাবি ও পাল্টা দাবির প্রেক্ষিতে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
রিপোর্টারের নাম 























