যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক তাঁর দলের নেতাকর্মীদের বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। শুক্রবার (২২ মে) রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় তিনি এই নির্দেশনা দেন।
আমিনুল হক বলেন, ‘পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি বিএনপিও চায়, তবে তা অবশ্যই আইনের মধ্য দিয়ে হতে হবে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে উসকানি দিয়ে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে একটি গোষ্ঠী। তাদের উদ্দেশ্য ন্যায়বিচার নয়, বরং অস্থিরতা সৃষ্টি করা। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা বাক-স্বাধীনতা ও গণতান্ত্রিক মতপ্রকাশে বিশ্বাস করি। কিন্তু কেউ যদি সেই স্বাধীনতার সুযোগ নিয়ে অপকর্ম বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’
প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হবে, সেখানেই দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায়কারী যে দলেরই হোক, তাকে প্রশ্রয় দেওয়া যাবে না।’
রিপোর্টারের নাম 




















