রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামিদের পক্ষে আইনি লড়াইয়ে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, রামিসা হত্যাকাণ্ড একটি অত্যন্ত জঘন্য ও অমানবিক ঘটনা। সমাজে এ ধরনের অপরাধ প্রতিরোধে এবং নৈতিক দায়বদ্ধতা থেকে কোনো সদস্যই এই আসামিদের পক্ষে আদালতে দাঁড়াবেন না। খুব দ্রুতই এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক রেজুলেশন প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১৯ মে মিরপুরের পল্লবী এলাকার একটি ফ্ল্যাট থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং বাথরুম থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, সে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 























