রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে আসা নাগরিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে সিডিউল বা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সীমিত সংখ্যক সেবাগ্রহীতা ভবনে প্রবেশের সুযোগ পাবেন। মূলত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রতিদিন শত শত মানুষ এনআইডি সংশোধনের জন্য নির্বাচন ভবনে ভিড় করেন। নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ ৫০ জনকে সিডিউল দেওয়া হতে পারে। এতে ভবনের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা সহজ হবে।
বর্তমানে এনআইডি সংশোধনের আবেদনগুলোকে গুরুত্ব ও ধরন অনুযায়ী সাতটি আলাদা ক্যাটাগরিতে ভাগ করে নিষ্পত্তি করা হয়। এর মধ্যে সাধারণ ভুলগুলো মাঠ পর্যায়ের কর্মকর্তারা সংশোধন করলেও জটিল ও বয়স সংশোধন সংক্রান্ত আবেদনগুলো ‘ঘ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। এই ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য এনআইডি অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের প্রয়োজন হয়, যার ফলে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ প্রধান কার্যালয়ে ভিড় জমান। নতুন নিয়ম কার্যকর হলে এই চাপ অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















